পাহাড়ি জনপদে কৃষকের ফসলের বড় শত্রু বানর। মিষ্টিকুমড়া, শসা কিংবা বরবটি—কোনো ফসলই রেহাই পায় না তাদের হাত থেকে। বানরের অত্যাচারে অনেক কৃষক যেখানে চাষাবাদ নিয়ে বিপাকে, সেখানে ভিন্ন এক কৌশলে সফল হয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষক লোকমান হোসেন। তিতা করলা চাষ করে বানরের হাত থেকে ফসল রক্ষার পাশাপাশি আর্থিক লাভের মুখ দেখছেন তিনি।
উপজেলার আমতলী ইউনিয়নের করাইল্যা ছড়ি বাজারপাড়া এলাকার কৃষক লোকমান হোসেন প্রথমবারের মতো মাত্র ৬ শতক জমিতে লালতীর কোম্পানির টিয়া সুপার ও ক্যাপ্টেন আসাদ জাতের করলা চাষ করেছেন। প্রথম চাষেই পেয়েছেন সাফল্য।
লোকমান জানান, ৬ শতক জমিতে করলা চাষ করতে তার খরচ হয়েছে ২৩ হাজার টাকা। ইতোমধ্যে প্রতি কেজি ৬০ টাকা পাইকারি দরে প্রায় ২৪ হাজার টাকার করলা বিক্রি করেছেন। ক্ষেতে এখনো যে পরিমাণ করলা রয়েছে, তাতে আরও ২৫ থেকে ৩০ হাজার টাকার বিক্রির আশা করছেন তিনি। সব মিলিয়ে এই ছোট জমি থেকে প্রায় ৫০ হাজার টাকার বেশি আয় হবে বলে প্রত্যাশা তার।
লোকমান হোসেন বলেন, ‘বানরের অত্যাচারে কোনো ফসলই রাখতে পারতাম না। মিষ্টিকুমড়া, শসা, বরবটি যা-ই লাগাই, বানরে খেয়ে শেষ করে। ভাবলাম, তিতা জিনিস তো বানরে খাবে না। এজন্য করলা লাগালাম।’
তার ধারণাই সত্যি হয়েছে। তিতার কারণে করলাক্ষেতে বানর মুখ দিচ্ছে না। এতে অনেকটা নিশ্চিন্তে চাষাবাদ করতে পারছেন তিনি।
লোকমান আরও বলেন, ‘আগে বানরের ভয়ে চাষ করতে ভয় পেতাম। এখন বুঝলাম, বুদ্ধি করে চাষ করলে বানরও হার মানবে।’
প্রতিদিন ভোরে ক্ষেতে গিয়ে করলা সংগ্রহ করেন লোকমান। বাজারেও করলার চাহিদা ভালো। অনেক সময় পাইকাররা সরাসরি ক্ষেত থেকে করলা কিনে নিয়ে যাচ্ছেন। এতে পরিবহন খরচও সাশ্রয় হচ্ছে।
সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা বলেন, লোকমান হোসেন একজন উদ্যোগী কৃষক। বানরের অত্যাচার থেকে ফসল রক্ষায় করলা চাষ একটি কার্যকর কৌশল। কৃষি বিভাগ তাকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। তার সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও করলা চাষে আগ্রহী হচ্ছেন।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, লোকমান হোসেনের সাফল্য প্রমাণ করে, সঠিক জাত নির্বাচন ও পরিচর্যা করলে অল্প জমিতেও ভালো লাভ করা সম্ভব। মাটিরাঙ্গার বানরপ্রবণ এলাকার কৃষকদের করলা, উচ্ছে ও ঝালজাতীয় ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। করলা চাষে রোগবালাই ও পোকার আক্রমণ তুলনামূলক কম, বাজারে চাহিদা বেশি এবং দামও ভালো।
পাহাড়ে বানরের অত্যাচারে যখন অনেক কৃষক চাষাবাদ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, তখন লোকমান হোসেন দেখিয়েছেন বিকল্প কৌশলের পথ। বুদ্ধি, পরিশ্রম ও সঠিক ফসল নির্বাচন করলে অল্প জমিতেও সাফল্য পাওয়া সম্ভব। তার ছোট্ট করলাক্ষেত এখন আমতলীর অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা হয়ে উঠেছে।















