কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে মিলল রেকর্ড ৫১ বস্তা টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় লোহার দানবাক্সগুলো খোলা হয়। চার মাস ২৪ দিন পর দানবাক্সগুলো খোলা হলো।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় টাকা গণনার কাজ শুরু হয়। এতে পাঁচ শতাধিক মানুষের একটি দল অংশ নিয়েছে।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সাধারণত তিন মাস পরপর মসজিদের দানবাক্সগুলো খোলা হলেও বিভিন্ন কারণে এবার চার মাস ২৪ দিন পর খোলা হয়েছে। এ কারণে নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।
এর আগে গত ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেদিন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়।
শনিবার দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।




















