ভোলার চরফ্যাশন উপজেলার ১৭ নম্বর আবুবকরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন, পথসভা ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও বাজার মুখর হয়ে ওঠে।
আবদুল্লাহ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক।
বুধবার বিকেলে শিবা চৌমুহনী এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোডাউন শুরু করেন তিনি। শোডাউনের শুরুতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান। পরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে ছিদ্দিক হাওলাদার বাজার, মতলব মিয়ার বাজার, বাংলা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
পথসভায় আবদুল্লাহ আল নোমান বলেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক মিথ্যা মামলায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ ও নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। দলীয় সমর্থন ও এলাকাবাসীর ভালোবাসা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আবুবকরপুর ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ, বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তাঁর অন্যতম অগ্রাধিকার থাকবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কাজ করতে চান তিনি। সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করারও প্রত্যয় ব্যক্ত করেন।
নোমান আরো বলেন, ভোলা-৪ আসনের এমপি জননেতা নূরুল ইসলাম নয়নের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে আবুবকরপুর ইউনিয়নকে একটি পরিকল্পিত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য দলীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।



















