প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানবিকতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হবে প্রধান পরিচয়—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল এলাকার বিটিসিএল কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে নতুন বাসার চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাতটি বাসার চাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জুবাইদা রহমান। এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, ‘আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।
‘শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তাঁকে হারাতে হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের প্রতি সমবেদনা জানান।
গত ১৫ নভেম্বর ভোরে রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিক্যাল অফিসার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং কড়াইল বস্তির বাসিন্দারা।






















